হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি পালিত হয়।

জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা যুবশক্তির সদস্য সচিব জাহিদ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন এবং প্রিন্স মাহমুদ আজিম।

বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতির সম্পূর্ণ পরিপন্থি। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, হবিগঞ্জে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের ঘোষিত বিক্ষোভ সমাবেশকে বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এছাড়া বালুবাহী ট্রাক দিয়ে সড়ক অবরোধের ঘটনা জনগণের গণতান্ত্রিক অধিকার চরমভাবে খর্ব করার শামিল বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

উক্ত বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক পারভেজ আহমেদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজিব, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব বদরুদ্দোজা নোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন ও নাহিদ রাব্বি, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব মাহফুজ আলম, জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক মোহসীন শুভ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রাফিসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।