সব ঠিকঠাক থাকলে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন স্পষ্ট করে জানান, অতীতের মতো কোনো ধরনের সিন্ডিকেট বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোকে নতুন তালিকার আওতায় আনা হবে না।

বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সব সেক্টর ও সাব-সেক্টরেই বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরি করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, “যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছিল এবং যারা সিন্ডিকেটের অংশ ছিল, তাদের কেউ নতুন তালিকায় থাকবে না। মালয়েশিয়ার কর্তৃপক্ষ খুব অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিশ্চিত করবে।”

খরচ কমানো, দক্ষতা বৃদ্ধি এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘বোয়েসেল’-এর মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।