বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ বলেছেন, মধুপুরের আনারসকে কীভাবে প্রক্রিয়াজাত করা যায় এবং একে শিল্পের অন্তর্ভুক্ত করে জাতীয়করণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা যায়—এ ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

তিনি আরও বলেন, "কীভাবে চিনি ও খাদ্য প্রতিষ্ঠানের উন্নতি হবে, প্রধানমন্ত্রীর সেই আস্থা ও বিশ্বাসকে বুকে ধারণ করে মধুপুরের জনগণের উন্নয়নের কথা ভেবে চাষীদের স্বার্থে আনারস প্রক্রিয়াজাতকরণ ও যথোপযুক্ত ব্যবহার করতে শিল্প মন্ত্রণালয় ও চিনি ও খাদ্য কর্পোরেশন সদা আন্তরিক রয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে ব্যাপারে সরকার কাজ করছে এবং সেদিকে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।"

শনিবার রাত নয়টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় কৃষকদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ জাঁই প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান আরও বলেন, প্রান্তিক কৃষকরা যাতে ফসলের সঠিক মূল্য পান এবং আনারসসহ স্থানীয় কৃষিপণ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও শিল্প মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে। এ ব্যাপারে চিনি ও খাদ্য কর্পোরেশন সবসময় চাষীদের পাশে থাকবে।