মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় নাইজেরিয়ার সেনাবাহিনীর সদস্যদের বেতন সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু বুধবার ঘোষণা করেন যে, দেশের বিশাল নিরাপত্তাসংকট নিরসনে লড়াইরত সৈন্যদের প্রতি সরকারের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে গত জুলাইয়ে সর্বনিম্ন পদমর্যাদার সৈন্যদের মাসিক বেতন ৩৬ ডলার থেকে বাড়িয়ে ৭৩ ডলার করা হয়েছিল। এবার প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে আগামী সেপ্টেম্বর থেকে তারা মাসে ১৩২ ডলার করে পাবেন। ইসলামপন্থী জঙ্গি এবং সন্ত্রাসী অপহরণ চক্রগুলোর সহিংসতা দমনে প্রেসিডেন্ট তিনুবুর নেওয়া ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশজুড়ে ছড়িয়ে পড়া চরম নিরাপত্তাহীনতা ২০২৭ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নাইজেরিয়ার রাজনীতির অন্যতম মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত মাসে নতুন করে ২৮ হাজার সৈন্য নিয়োগ এবং সেনাবাহিনীতে চারটি নতুন ডিভিশন গঠনের নির্দেশ দেন প্রেসিডেন্ট। উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম ও ইসোয়াপের জঙ্গি হামলা, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দস্যুদের তাণ্ডব, দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং বিভিন্ন প্রান্তে সংঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির সরকার।