সিলেটের বহুল আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় একমাত্র প্রধান আসামি ও নিহতের চাচা জাকির হোসেনকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি জয়নাল আবেদীন ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ জজ আবু ওবায়দা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বদরুল আহমদ চৌধুরী জানান, মাত্র তিন মাসের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন করে আদালত এই রায় দিলেন।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ৬ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের চার বছরের মেয়ে ফাহিমা আক্তার নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর ৮ মে ভোরে গ্রামের একটি ডোবার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ১১ মে রাতে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নিহতের চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার মাত্র এক মাস পাঁচ দিনের মাথায় পুলিশ অভিযোগপত্র দাখিল করে এবং দ্রুত বিচার শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।