যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এর ফলে আগামী দুই-তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী জানান, সঞ্চালন শুরু হওয়ায় ধীরে ধীরে গ্যাসের চাপ উন্নত হবে এবং বর্তমান সমস্যার কাটিয়ে ওঠা সম্ভব হবে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগের অবস্থায় ফিরে যেতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে।

গ্যাস সংকটের কারণে লোডশেডিং বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাস না থাকলে সাধারণ মানুষ ও পাওয়ার স্টেশন—উভয় পক্ষই সংকটে পড়ে। গ্যাস সরবরাহ শুরু হওয়ায় বন্ধ থাকা পাওয়ার স্টেশনগুলো পুনরায় চালু করা হবে।

বিদ্যুতের অতিরিক্ত বা ‘ভূতুড়ে বিল’ নিয়ে সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, মানুষ অভিযোগ করলেও সুনির্দিষ্ট বিল নিয়ে কেউ তাদের কাছে আসেন না। তিনি একটি উদাহরণের মাধ্যমে জানান, অতিরিক্ত বিলের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে এসিসহ একাধিক ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে ওই পরিমাণ বিল আসা স্বাভাবিক। এছাড়া গত জুন মাস থেকে বিদ্যুতের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

ভারতের হাইকমিশনারের সঙ্গে রুটিন বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, ভারতের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে আসা ডিজেলের সরবরাহ বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বা অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী মন্তব্য করেন যে, তিনি দেশটাকে ধ্বংস ও শেষ করে দিয়ে গেছেন।