কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাতারবাড়ি পৌঁছান। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি হেলিকপ্টারে করে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর হস্তান্তর করবেন।
দুপুর দেড়টার দিকে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় পৌঁছে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তাঁর। বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে একটি সাংগঠনিক সভাতেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।