যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এইচ-১বিসহ নির্দিষ্ট কিছু ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন বা ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত (যেটি আগে ঘটে) যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। তবে প্রস্তাবিত নতুন নিয়ম কার্যকর হলে কর্মীরা এই ৬০ দিনের গ্রেস পিরিয়ড বা ছাড়ের সুবিধা হারাতে পারেন।
রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনাধীন রয়েছে এবং এটি এখনও চূড়ান্ত হয়নি। তবে এই বিধান বাতিল হলে ক্ষতিগ্রস্ত কর্মী ও তাঁদের নির্ভরশীলদের প্রায় সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য এই পরিবর্তনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, দেশটির ইউএসসিআইএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনগুলোর ৭১ শতাংশই ছিল ভারতীয় নাগরিকদের জন্য। ২০১৭ সালে চালু হওয়া এই ৬০ দিনের নিয়মটি মূলত এইচ-১বি ছাড়াও ই-১, ই-২, ই-৩, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএন ভিসার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।