নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান।
রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে তিনি এই তালিকা চান।
সভায় ক্ষোভ প্রকাশ করে এমপি মান্নান বলেন, ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালগঞ্জের বাসিন্দাদের দিয়ে ভরে গিয়েছিল এবং এখনো ঘুরেফিরে পুলিশ প্রশাসন পুনরায় তাদের দিয়েই পূর্ণ করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, "গোপালিরা কি আমাদের ভালো চাইবে?"
এছাড়াও সভায় নদীপথে চাঁদাবাজির সঙ্গে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ করেন তিনি। একইসঙ্গে নিজের নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে ৬৫ হাজার অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাস গ্যাস কর্মকর্তাদের অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।