সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানসহ অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে আলোচনার মাধ্যমে এক হয়ে কাজ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো দেশেরই অন্য দেশের ওপর জোর খাটানো উচিত নয়।
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নৌপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়েও কথা বলেছেন পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, আটকে রাখা তহবিল ফেরত দেয় এবং লেবাননে হামলা বন্ধ করে, তবেই এই সামুদ্রিক পথটি সাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। ওমানের মধ্যস্থতা এবং সামরিক বাহিনীর অনুমোদন সাপেক্ষে এই নৌপথ পরিচালনার নতুন পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের ব্যবসা-বাণিজ্য প্রায় ৩৫ শতাংশ কমে গেলেও জনগণের ঐক্যের কারণে দেশটি এখনো শক্তভাবে টিকে আছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, ইরান শান্তিপূর্ণ আলোচনা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হলেও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অন্ধভাবে কাউকে বিশ্বাস করবে না।