কক্সবাজার পৌরসভা কর্তৃক জাইকার অর্থায়নে সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত উপকূলীয় সড়ক নির্মাণের জন্য সৈকতের বালিয়াড়ি ও পরিবেশ ধ্বংস করার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
রোববার (৩১ আগস্ট) বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, সৈকতের বালিয়াড়ি ও উপকূলীয় উদ্ভিদ কেবল সৌন্দর্যের অংশ নয়, বরং এগুলো জলোচ্ছ্বাস ও উপকূলীয় ক্ষয়ের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। সড়ক নির্মাণের জন্য বালিয়াড়ি ভরাট বা অপসারণ করা হলে তা জলবায়ু সহনশীলতাকে দুর্বল করে তুলবে।
বিআইপি জানায়, ভাঙন রোধ ও পর্যটকদের সুবিধার কথা বলা হলেও সংবেদনশীল বালিয়াড়ি এলাকা বাদ দিয়ে বিকল্প স্থানে সড়ক করার সুযোগ ছিল। কিন্তু উপযুক্ত বিকল্প মূল্যায়ন না করে এই স্থানে নির্মাণকাজ চালানো প্রশ্নবিদ্ধ। এছাড়া, পরিবেশগত সংকটাপন্ন এই এলাকায় প্রকল্পটির জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে কি না, তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটির মতে, কক্সবাজারের উন্নয়নকে বিচ্ছিন্ন কোনো প্রকল্প হিসেবে না দেখে পরিবেশ সংরক্ষণ, পর্যটন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার সাথে সমন্বিত করা উচিত। উন্নয়নের নামে প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা ধ্বংস করা টেকসই উন্নয়নের পরিপন্থী।