চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকার ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’কে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় তার গতিরোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলে করে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতি রোধ করে। এ সময় তাকে ঘিরে ধরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার ১ নম্বরে ছিলেন জাহেদ। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি খুন হলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, মাদক ও অস্ত্রের কারবার, এলাকায় আধিপত্য বিস্তার, অপরাধী গ্রুপগুলোর বিরোধ কিংবা পুরোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।