পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র নতুন আসর শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনের প্রথম দিনেই প্রতিযোগী হিসেবে অংশ নেন ওপার বাংলার প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পাল। শোয়ের প্রথম দিনেই স্বাভাবিকভাবে উঠে আসে তাপস পাল প্রসঙ্গ, যেখানে বাবার জীবনের বিতর্কিত বিষয় ও কঠিন পরিস্থিতি নিয়ে কথা বলেন সোহিনী।
মঞ্চে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শিক্ষা হিসেবে বাবার কথা স্মরণ করেন সোহিনী। প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলার একপর্যায়ে তিনি ইঙ্গিত করেন তাপস পালের জীবনের বিতর্কিত রাজনৈতিক অধ্যায় ও ভুলত্রুটির দিকে। সোহিনী বলেন, “বাবা অনেক ভালো করেছেন। তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ভুলও করেছেন। প্রায়শ্চিত্তও।” তার এই মন্তব্যের মধ্য দিয়ে মূলত বাবার রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ও তার পরিণতিকেই ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগামী তিন মাস বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে একটি নির্ধারিত বাড়িতে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাটাতে হবে ‘বিগ বস বাংলা’র প্রতিযোগীদের। শেষ পর্যন্ত যিনি টিকে থাকবেন, তিনিই পাবেন বিজয়ী হওয়ার গৌরব। এবারের আসরে সোহিনী ছাড়াও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সংগীতশিল্পী দুর্নিবার সাহা, সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল, অভিনেত্রী সৃজলা গুহসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ।