ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল বৃষ্টির বিরুদ্ধে এবং সম্প্রতি তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন। পরিবারের সদস্যদের দাবি, গত কয়েক বছর ধরে তিনি গভীর মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল।
রামপুরহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ ও পরিস্থিতি উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।