জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে চারটি নতুন পুস্তিকা এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এগুলোর উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, আধুনিক প্রযুক্তির উৎকর্ষতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ছাত্রদল এখন থেকে তাদের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। পৃথিবীর উন্নত কিংবা উন্নয়নশীল—সব দেশের ছাত্র রাজনীতির মূল প্রাণশক্তি হলো সুনির্দিষ্ট শিক্ষা ও অধিকারভিত্তিক দাবি নিয়ে সোচ্চার হওয়া।

ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে তিনি বলেন, অতীতে এরশাদের মতো ভয়াবহ একনায়কতন্ত্রের পতনে ছাত্রদল ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ওের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ছাত্রদল বারবার নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো মেধাবীদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের বাক্সে শিক্ষার্থীরা রায় দিয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন অত্যন্ত সত্য, অমর ও বাস্তবসম্মত উল্লেখ করে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা সবসময়ই এই আদর্শকে সাদরে গ্রহণ করেছে। ছাত্রদল সবসময় শহীদ জিয়ার আদর্শ ও দর্শনকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে গেছে এবং আগামীতেও যেকোনো পরিস্থিতিতে এই সত্য ও রাজনৈতিক দর্শনের ওপর ভিত্তি করেই পথ চলবে।