বেসরকারি বিদ্যালয় (কেজি স্কুল) শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী, জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টঙ্গীর তিস্তা গেট সংলগ্ন ইউনাইটেড মডেল একাডেমির ৪র্থ তলায় এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সহধর্মিনী মেহনাজ সরকার শিল্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক রওনাক উদ্দিন, গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মজিবুর রহমান। অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ২০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সুযোগ তৈরি করা জরুরি। নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, কেজি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী থাকা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মোবাইল ও অনলাইননির্ভরতা কমিয়ে মাঠমুখী করতে সহায়ক হবে। একই সঙ্গে শিশুদের সুস্থ ও সুন্দর মানসিক বিকাশে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো এবং বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।