ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা ও উদ্ধারকাজের রেশ কাটতে না কাটতেই ৫ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি এবং ইউরোপীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, গত কাল স্থানীয় সময় রাত ৯টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪৩ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এমন এক সময়ে এই ভূকম্পন অনুভূত হলো, যখন দেশটি বিগত দুই সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

এর আগে গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি ও এর শাখানদী লেহন্দের ব্যারিয়ার হ্রদ ভেঙে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং তিব্বতের গিরং জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। লাখ লাখ ঘনমিটার পানির সঙ্গে আসা কাদা, পাথর ও জঞ্জালের স্তূপে উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে যায়। ধ্বংস হয় বহু বাড়িঘর, সড়ক যোগাযোগ ও জলবিদ্যুৎ কেন্দ্র।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, গত কাল মঙ্গলবার পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১ হাজার ৩৫৭ জনের মরদেহ উদ্ধার করেছে নেপাল সেনাবাহিনী, পুলিশ ও যৌথ উদ্ধারকারী বাহিনী। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৩২৬ জন। তাদের উদ্ধারে দেশটিতে এখনো জোরেশোরে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।