ফিলিপাইনের পর্যটন হটস্পট পালাওয়ান দ্বীপের কাছে এম/ভি জুন অ্যাস্টার নামের একটি যাত্রীবাাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার সংঘটিত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৮৭ জন।
ফিলিপাইনের কোস্টগার্ড বাহিনী জানায়, ম্যানিলা থেকে পালাওয়ানমুখী ফেরিটি যখন সাগরে তীর থেকে ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল, তখন হঠাৎ এতে আগুন ধরে যায়। ওই সময় ক্রু ও যাত্রী মিলে মোট ১৩৪ জন আরোহী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে পুরো ফেরিটিকে আগুনে গ্রাস করতে দেখা গেছে।
কোস্টগার্ড ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৪২ জনকে জীবিত এবং ৫ জনের মরদেহ উদ্ধার করে। জীবিতদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য রয়েছেন। আতঙ্কিত হয়ে অনেক যাত্রী সাগরে ঝাঁপ দেওয়ায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলার পর অগ্নিকাণ্ডের আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে কোস্টগার্ড।