জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। এছাড়া বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট নিরসনেও একটি বিশেষ সাইডলাইন মিটিং আয়োজনের প্রস্তুতি রয়েছে, যেখানে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য সাধারণ পরিষদের ভাষণ। সাইডলাইনের বৈঠকগুলো শেষ মুহূর্তে চূড়ান্ত হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন, সফরকালে যাদের সঙ্গে বৈঠক হবে, তা কোনো গোপন বিষয় নয়; সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।