রাজধানীর উত্তরখান থানায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৯ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দিয়েছে আলেমদের সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রশংসাপত্র ও তিনটি করে বিশেষ ইসলামী বই তুলে দেওয়া হয়।
সাধারণ স্কুল ও মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যকার কৃত্রিম দূরত্ব দূর করে পারস্পরিক সৌহার্দ্য ও সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন গড়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারকের পাশাপাশি মননশীল বই উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ এবং বিশেষ অতিথি মাওলানা ক্বারী মো. সেলিম সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার মেলবন্ধন তৈরির এমন উদ্যোগকে যুগোপযোগী বলে প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
ইত্তেহাদুল উলামা উত্তরখানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।