ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া চলাচল ও ধারাবাহিক দুর্ঘটনার অভিযোগে ‘সেলফি পরিবহন’-এর রুট পারমিট বাতিলের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিবালয়ের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বরঙ্গাইল বাজার এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, লাইসেন্সবিহীন চালক এবং মাদক সেবন করে বাস চালানোর কারণে মহাসড়কে সেলফি পরিবহনের বাসগুলো নিয়মিত দুর্ঘটনার জন্ম দিচ্ছে। এর আগে গত ২৯ আগস্ট ঘিওরের পুখুরিয়াতেও একই দাবিতে মানববন্ধন এবং ৩১ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এলাকাবাসীর দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও হাইওয়ে পুলিশ উপস্থিত ছিল।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ জুলাই ঘিওরের তরা এলাকায় সেলফি পরিবহনের বাপে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হওয়ার ঘটনার পর বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সাময়িক বন্ধের পর সেসময় পরিবহনটি আবার চালু করা হয়েছিল।