ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই দুর্ঘটনায় এখনো ৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

ফিলিপাইন কোস্ট গার্ড (পিজিসি) জানায়, এমভি জুন অ্যাস্টার নামের জাহাজটিতে মোট ১২৮ জন আরোহী ছিলেন। শুরুতে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরবর্তী সময়ে যাচাই করে দেখা যায় যে তাদের মধ্যে চারজন শেষ পর্যন্ত জাহাজে ওঠেননি। পিজিসির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, এখন পর্যন্ত ৪৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনো অব্যাহত রয়েছে।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করেছিল এমভি জুন অ্যাস্টার। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় পৌঁছালে জাহাজটিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।