আলকুরআনবিরোধী সংবিধান ও মানবসৃষ্ট বিভিন্ন ব্যবস্থার অধীনে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে মানুষের মৌলিক সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা হাজী কমরউদ্দিন টাওয়ারের দ্যা পার্টি প্যালেসে ‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যাসমূহ এবং তা সমাধানের উপায়’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী সমাজের ঢাকা মহানগর উত্তর-এর দায়িত্বশীল মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ইসলামী সমাজের দৃষ্টিতে গণতন্ত্রসহ মানবসৃষ্ট বিভিন্ন ব্যবস্থা ইসলামবিরোধী মতবাদের ওপর প্রতিষ্ঠিত। তাঁর দাবি, এসব ব্যবস্থার ভিত্তিতে প্রণীত সংবিধানও আলকুরআনের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, মানবসৃষ্ট ব্যবস্থা ও আলকুরআনবিরোধী সংবিধানকে সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা হিসেবে বিবেচনা করে এর সমাধান না করা পর্যন্ত অন্যান্য সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। বাংলাদেশের ক্ষেত্রেও গণতন্ত্র ও এর ভিত্তিতে প্রণীত সংবিধানকে তিনি মূল সমস্যা হিসেবে উল্লেখ করেন।

ইসলামী সমাজের আমীরের ভাষ্য অনুযায়ী, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করে আলকুরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা এবং ইসলামের আইন-বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন।

তিনি দাবি করেন, এভাবে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দুর্নীতি ও বৈষম্য কমিয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে।

সভায় তিনি আরও বলেন, আলকুরআন ও সুন্নাহসম্মত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামী সমাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল-৩-এর দায়িত্বশীল মো. সেলিম মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, ডা. সোলায়মান কবীর, মো. নুরুদ্দিন, আমীর হোসাইন, মো. সোহেল, আবু জাফর মোহাম্মাদ সালেহ, মোস্তফা জামিল সাদ, ফয়সাল আহমেদ, হাসিবুল ইসলাম, বদিউজ্জামান খান জুয়েল, আলী আজম আরজু ও আব্দুল আলিমসহ সংগঠনের নেতৃবৃন্দ।