রাজধানীর কাঁচাবাজারে আগুন ইলিশের দামে। স্বাদ নেওয়ার প্রবল ইচ্ছা থাকলেও দামের ঝাঁজে পিছু হটছেন সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকায়, আর ১ কেজি বা তার চেয়ে বড় ইলিশ নিতে গুণতে হচ্ছে কেজিতে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। ফলে সাধারণ মানুষের ‘সাধ আর সাধ্যের’ হিসাব মিলছে না ইলিশের বাজারে।

শুক্রবার রাজধানীর উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে এমন চড়া দামের চিত্র চোখে পড়ে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ৮০০ থেকে ৯০০ গ্রামের একটি মাঝারি ইলিশ কিনতেই ক্রেতার পকেট থেকে বের হয়ে যাচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা। আর ১ কেজির ওপরের বড় ইলিশ কিনতে খরচ হচ্ছে ২ হাজার টাকারও বেশি। নিত্যপণ্যের বাজারের এই অগ্নিমূল্যে পরিবারের জন্য একটি ইলিশ কিনতে গেলে স্বাভাবিক বাজার বাজেটে টান পড়ছে বলে জানান ক্রেতারা।

উত্তর বাড্ডা বাজারে আসা ক্রেতা রমজান আলী আক্ষেপ করে বলেন, "৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি! একটা মাছ কিনতেই প্রায় ১ হাজার ৩০০ টাকা চলে যাচ্ছে। এই দামে নিয়মিত ইলিশ কেনা আমাদের পক্ষে সম্ভব না।"

একই সুর মধ্য বাড্ডার ক্রেতা ইলিয়াসের কণ্ঠে। তিনি বলেন, "এক কেজির একটা মাছ কিনতে দুই হাজার টাকার বেশি লাগে। সংসারের অন্য খরচ সামলে ইচ্ছা থাকলেও ইলিশ কিনতে পারছি না।" আরেক ক্রেতা মো. সাব্বির বলেন, ইলিশ বাঙালির পছন্দের শীর্ষে থাকলেও নাগালের বাইরে থাকায় বাধ্য হয়ে দাম কমার অপেক্ষায় খালি হাতে ফিরছেন অনেকে।

এদিকে চড়া দামের কারণে বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। ক্রেতারা এসে দাম শুনেই ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ বড় ইলিশ ছেড়ে ছোট মাছের খোঁজ করছেন।

মধ্য বাড্ডার বিক্রেতা হারু দাস বলেন, "দাম বেশি হওয়ায় বিক্রি আগের মতো নেই। সাধারণ ক্রেতাদের জন্য এই দামে ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।" উত্তর বাড্ডার বিক্রেতা মো. মিজান জানান, এক কেজির ওপরের ইলিশের দাম শুনে অনেকেই ছোট সাইজের মাছ খুঁজছেন।

অন্যদিকে, বাজারে ভারত থেকে আমদানি করা ইলিশ থাকলেও সেদিকে আগ্রহ নেই সিংহভাগ ক্রেতার। ক্রেতাদের দাবি—ভারতীয় ইলিশের স্বাদ ও মান দেশি ইলিশের সমকক্ষ নয়। মো. সিদ্দিকুর নামে এক ক্রেতা বলেন, "দেশি ইলিশের স্বাদই আলাদা। ভারতীয় ইলিশ খেয়ে ভালো লাগেনি। কিন্তু দেশি ইলিশের যে দাম, তাতে ইচ্ছা থাকলেও কেনার উপায় নেই।"

সব মিলিয়ে, ভরা মৌসুমেও দামে লাগাম না থাকায় রাজধানীর নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাতে ইলিশ মেলা এখন এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।