সংবিধানে পুনরায় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, এটি তাঁদের নির্বাচনি ইশতেহারের একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো ‘জুলাই জাতীয় সনদ’। তবে এর পাশাপাশি নির্বাচনি ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পাওয়া অন্যান্য বিষয়গুলোও তারা সংবিধানে ধারণ করবেন। এর অংশ হিসেবেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অনুচ্ছেদ ৮-এ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা হবে, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতীতে সংবিধানে যুক্ত করেছিলেন।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদটি পুনরুজ্জীবিত হয়েছে উল্লেখ করে কমিটির আহ্বায়ক জানান, সংবিধানের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও ১৪২-এর মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরিবর্তন আসতে পারে।

সংবিধানে মৌলিক ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে অবশ্যই জনগণকে গণভোট দিতে হবে এবং বিল পাশের পরই এই সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে সালাউদ্দিন আহমদ জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জোর প্রচেষ্টা চলছে। ওই রিপোর্টের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে একটি বিল তৈরি করা হবে। আশা করা হচ্ছে, জানুয়ারি মাসের প্রথম অধিবেশনে বিলটি সংসদে আসবে। এরপর বিলের ওপর আলোচনা ও সংশোধনী শেষে তা পাস হয়ে গণভোটের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী বছরের (২০২৬) জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে এই সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সুরক্ষার বিষয়ে তিনি জানান, বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারা সংগ্রাম করেছে, ভবিষ্যতের কোনো সংসদ যেন তা সহজে বাতিল করতে না পারে—সেজন্য ওই অনুচ্ছেদগুলোর সংশোধনীতেও যেন গণভোটের প্রয়োজন হয়, সেই আইনি বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।