রাজধানীর কারওয়ান বাজার ও আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দুই স্টেশনে পৃথকভাবে এই মোবাইল কোর্ট চালানো হয়। আগারগাঁও স্টেশনে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এবং কারওয়ান বাজার স্টেশনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে স্টেশন দুটির গ্রাউন্ড ফ্লোর, প্রবেশ ও বহির্গমন পথ এবং সংলগ্ন এলাকার সব ধরনের অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান সরিয়ে ফেলা হয়। ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রো যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতে নিয়মিত অব্যাহত থাকবে।