জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা আমেরিকা ট্যুরে গেছেন। 'দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট'-এর আয়োজনে যুক্তরাষ্ট্রের মোট ১৬টি শহরে গান শোনাবেন তিনি। ২৫ জুলাই শুরু হওয়া এই দীর্ঘ সংগীত সফর শেষ হবে আগামী ৩ অক্টোবর।

ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্রিক সিটি, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা ও নিউইয়র্ক।

প্রায় তিন মাসব্যাপী এই সফর দেশের শিল্পীদের মধ্যে অন্যতম দীর্ঘ সংগীত সফর হিসেবে বিবেচিত হচ্ছে। আমেরিকা যাওয়ার পর সামাজিক মাধ্যমে কনা লেখেন, ‘প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।’

এর আগে গত ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় কনার সর্বশেষ গান ‘তোমার হতে চাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সজীব দাস। গানে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সজীবও। গানটি রাফাত মজুমদার রিংকুর ‘ভালোবাসার গল্প’ নাটকে ব্যবহৃত হয়েছে।