আমাদের প্রায় সবার বাড়িতেই প্রতিদিন কম-বেশি কিছুটা ভাত বেঁচে যায়। পরদিন সকালে বা দুপুরে সেই বাসি ভাত আর কেউ মুখে তুলতে চান না। তখন সেই বাড়তি ভাত নিয়ে কী করা যায়, তা ভাবতে গিয়ে গৃহিণীরা বেশ চিন্তায় পড়ে যান। তবে ফেলে না দিয়ে এই বাসি ভাত দিয়েই যদি চমৎকার বিকেলের নাস্তা বানিয়ে নেওয়া যায়, তাহলে কেমন হয়?

খুব সহজ কিছু উপাদান দিয়ে বাসি ভাত দিয়ে তৈরি করা যায় মচমচে ও সুস্বাদু পাকোড়া। এটি তৈরি করলে বাসি ভাত তো নষ্ট হবেই না, উল্টো নাস্তার টেবিলে খাওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। চলুন জেনে নেওয়া যাক বাসি ভাত দিয়ে পাকোড়া তৈরির সহজ ও ঝটপট রেসিপি—

প্রয়োজনীয় উপকরণ

  • বাসি ভাত: ২ কাপ

  • পেঁয়াজ কুচি: ১টি (বড়)

  • কাঁচা মরিচ কুচি: স্বাদ ও ঝাল অনুযায়ী

  • ডিম: ১টি

  • ধনিয়া পাতা কুচি: ২ টেবিল চামচ

  • বেসন: ২ টেবিল চামচ

  • হলুদের গুঁড়া: সামান্য

  • লবণ: স্বাদমতো

  • তেল: ভাজার জন্য পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্রথমে একটি বড় পাত্রে বাসি ভাতের সঙ্গে ডিম এবং বেসন খুব ভালোভাবে মেখে বা চটকে নিন। ২. এবার সেই মিশ্রণের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একটি আঠালো মণ্ড বা ডো তৈরি করুন। ৩. এরপর চুলায় কড়াই বসিয়ে পরিমাণমতো তেল দিয়ে গরম হতে দিন। তবে খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি উত্তপ্ত না হয়; অতিরিক্ত গরম তেলে পাকোড়া ছাড়লে ওপরটা দ্রুত পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ৪. তেল মাঝারি গরম হয়ে এলে ভাতের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে পাকোড়ার আকৃতিতে তেলের মধ্যে ছাড়ুন। ৫. চুলার আঁচ মাঝারি রেখে পাকোড়াগুলো উল্টে-পাল্টে সোনালী ও মুচমুচে করে ভেজে তুলুন।

পরিবেশন

গরম গরম মুচমুচে ভাতের পাকোড়া নামিয়ে কিচেন টিস্যুর ওপর রাখুন, এতে অতিরিক্ত তেল শুষে নেবে। এরপর বিকেলের চায়ের আড্ডায় পছন্দের যেকোনো সস কিংবা পুদিনা পাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।