দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যকার হামলা, সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি রাইসুল ইসলামসহ দায়িত্বশীল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ঢাকা আলিয়া মাদ্রাসার হলে দায়িত্বশীল নেতাকর্মীদের রুম ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসের সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা ও নৈতিক বিকাশের স্থান; সেখানে সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রত্যাশা করলেও ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সহিংসতা ও আধিপত্যবাদী আচরণ সেই প্রত্যাশাকে হতাশ করেছে। অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া দলগুলোর কাছ থেকে এমন সহিংসতার পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা।
ক্যাম্পাসে পেশিশক্তি ও ভয়ভীতির রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে অবিলম্বে সকল হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!