শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট প্রাণঘাতী ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-এর ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলাকালেই দেশটির চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলে নতুন করে এই প্রবল বর্ষণ ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ওই ঘূর্ণিঝড়ে প্রায় ৬৪০ জনের মৃত্যু এবং প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজন এবং বন্যায় আরও দুজনের মৃত্যু হয়েছে। বৃষ্টি ও বন্যায় ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নৌবাহিনী ও স্থলবাহিনী মোতায়েন করা হয়েছে। নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলার মতো খাড়া ভূখণ্ডের অঞ্চলগুলো বর্ষাকালে ভূমিধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর স্কুল পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি সাপেক্ষে খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।