চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
চট্টগ্রাম নগরের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন। বর্তমানে বাসভবনটি খালি অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, গত দুই বছরে এই বাসভবনে চার দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!