নাগরিক সেবা সহজ করা এবং প্রতিটি সড়কের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গলিতে নামফলক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই জনকল্যাণমূলক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া ব্যাপারী।

শুক্রবার উত্তরা তুরাগের রানাভোলা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই নামফলক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে হাজী মোঃ চান মিয়া ব্যাপারী বলেন, একটি এলাকার প্রতিটি রাস্তার সঠিক নাম ও পরিচয় থাকলে সাধারণ মানুষের পাশাপাশি জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে ৫৩ নম্বর ওয়ার্ডের সকল প্রধান সড়ক, গলি এবং গুরুত্বপূর্ণ মোড়ে টেকসই নামফলক স্থাপন করা হবে। রাতের বেলা সহজে সনাক্ত করার সুবিধার্থে প্রতিটি নামফলকে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রাখা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ সমাজ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের অনেক রাস্তার সুনির্দিষ্ট পরিচয় না থাকায় বহিরাগতদের ঠিকানা খুঁজে পেতে এবং জরুরি সেবা পৌঁছাতে সমস্যা হতো। এই নামফলক স্থাপনের মাধ্যমে সেই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে এবং নাগরিক সুবিধা আরও সহজ ও কার্যকর হবে।