ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত জুলাইয়ের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশ ও গণসঙ্গীত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে আইনের শাসন ও বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না করলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে। চার কোটি শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা ও ভোটের অধিকারের গ্যারান্টি না পাওয়া পর্যন্ত জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বলা যাবে না।
সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, জিনিসপত্রের দাম সেভাবে কমেনি এবং বেকারত্ব দূর করার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এ সময় তিনি সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পরিবর্তে স্বাধীন কমিশনের মাধ্যমে নিয়োগের দাবি জানান এবং বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!