চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। বিশেষ এই দিনে ঘরোয়া কিছু আয়োজন করেছেন অভিনেত্রী এবং ভক্তদের উদ্দেশে শেয়ার করেছেন বিশেষ বার্তা।

বরাবরের মতো নিজের মাতৃত্বকে দারুণভাবে উপভোগ করা পরীমণি ছেলের জন্মদিনের প্রথম প্রহরে ঘরোয়া আয়োজনের একটি ভিডিও প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানালে সে উল্টো তাকেও ‘হ্যাপি বার্থডে’ বলে শুভেচ্ছা জানায়। ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে তিনি লেখেন, পূণ্যের কারণেই তার এক নতুন ও সুন্দর জীবনের সূচনা হয়েছে; তাই এই দিনটি কেবল ছেলের নয়, বরং ‘মা পরী’ হিসেবে তার নিজেরও নতুন জন্ম নেওয়ার দিন। সবার কাছে দোয়ার অনুরোধও জানান তিনি।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে হাফ ডজন কেক ও চারপাশে রঙিন বেলুন সাজানো এবং পাশেই বিছানায় ঘুমাচ্ছিল পূণ্য। ক্যাপশনে মজা করে অভিনেত্রী লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছর জাঁকজমক ও বিভিন্ন ঘরোয়া আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে আসছেন এই চিত্রনায়িকা।