দীর্ঘ ৫ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিলকে রেকর্ড ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এই ম্যাচে আগুন ফর্মে থেকে একাই চার গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
শুরুতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ২০ মিনিটে কর্নার কিক থেকে শক্তিশালী হেডে মায়ামির জার্সিতে নিজের প্রথম গোল করেন কাসেমিরো। ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্স সমতা ফেরান। তবে এর ঠিক দুই মিনিট পর দূরপাল্লার শটে গোল করে মায়ামিকে আবারও এগিয়ে নেন মেসি। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।
বিরতির পর রীতিমতো ঝড় তোলেন মেসি ও তার সতীর্থরা। ৫১ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন মেসি। এরপর ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ দলের চতুর্থ গোল করেন। ঠিক চার মিনিট পর দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এখানেই থেমে থাকেনি মায়ামি; ৮৯ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আলেক্সান্দার শো। আর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোল করে জয় নিশ্চিত করেন মেসি।
ক্যারিয়ারে এই নিয়ে অষ্টমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন মেসি। মায়ামিতে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম চার গোলের কীর্তি। এর আগে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার জার্সিতে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন তিনি।
গত ২৫ জুলাইয়ের পর এমএলএসে এটি মায়ামির প্রথম জয়। এই জয়ের সুবাদে মাত্র ১৯ ম্যাচেই ১৮ গোল করে এমএলএসের গোলদাতা তালিকার শীর্ষে উঠে এসেছেন মেসি। ভারপ্রাপ্ত কোচ গুইলেরমো হোয়োস ডাগআউটে না থাকলেও সহকারী কোচ রাফায়েল পেরেজের অধীনে দুর্দান্ত এই জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!