সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাদিম হোসেন (৪০) নামের এক স্থানীয় সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা জানান, গত বুধবার (৪ নভেম্বর) সাংবাদিক নাদিম হোসেনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। ওই দিনই তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।