রাজধানীর দক্ষিণখানের জয়নাল মার্কেট সংলগ্ন রেলগেট এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে সোনিয়া বেগম (৩৫) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ৮ নম্বর রেলগেট এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহত সোনিয়া বেগম দক্ষিণখানের ফায়দাবাদ গোলটেক এলাকার মো. হাসমত আলী ও হাক্কানী বেগমের মেয়ে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এলাকাবাসীর ভাষ্যমতে, মাদক কারবারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা কয়েকজন মাদক কারবারি অতর্কিতভাবে সোনিয়া বেগমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর ও রক্তাক্ত জখম হন। ঘটনার পর স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, রেলগেট সংলগ্ন আলফাত ওরফে ‘ঠোঁট কাটা আলতাফ’-এর বস্তির মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দক্ষিণখান থানা ও উত্তরা পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর শোনা গেছে।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য জানতে হাসপাতালেও পুলিশের টিম কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।