চাঁদপুরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত বিভিন্ন মামলার ৬ আসামিসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জেলাজুড়ে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫ কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিনগত রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে অভিযানের এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক অপরাধ দমনে পুলিশ এই সমন্বিত অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলাভিত্তিক অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, মতলব উত্তর থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, কচুয়া থানায় ৬ জন এবং মতলব দক্ষিণ ও শাহরাস্তি থানায় ২ জন করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, কিশোর গ্যাং দমন অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচর থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, মতলব দক্ষিণ থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন এবং কচুয়া থানায় ৫ জনসহ মোট ২৫ কিশোরকে আটক করে পুলিশ। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক ২৫ কিশোরের মধ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ২৪ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নেতাকর্মী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।