ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা পরিষদের গেটের সামনে এই বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ডিউটিরত আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় হঠাৎ সড়কে একটি বিকট শব্দ শুনতে পান তারা। পরবর্তীতে সেখানে গিয়ে জানতে পারেন যে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কারা বা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে কোনো পথচারী বা স্থানীয়রা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের একটি খবর পুলিশ জানতে পেরেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানা যাবে।