সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি আন্তরিক ব্যবহার, বিনয়ী আচরণ ও সহযোগিতামূলক মনোভাব দিয়ে মানুষের আস্থা অর্জন করছেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান। তাঁর পেশাগত দায়িত্বশীলতা, সুব্যবহার এবং দলিল লেখক ও সাধারণ সেবাগ্রহীতাদের প্রতি সহযোগিতামূলক আচরণ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সরকারি আদেশে তিনি পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যোগদান করেন এবং একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রি অফিসের দায়িত্ব পান। বাড়তি কাজের চাপ থাকা সত্ত্বেও নিয়মিত ও দক্ষভাবে তিনি লাহিড়ীহাট অফিসে দলিল রেজিস্ট্রির কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর এমন কর্মনিষ্ঠা ও সেবামুখী মনোভাব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় দলিল লেখকরা।

লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি মো. তাজিমুল হক ও সাধারণ সম্পাদক মো. পজির উদ্দীন বলেন, "সাব-রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমানের আচার-ব্যবহার ও কথাবার্তায় আমরা অত্যন্ত মুগ্ধ। তিনি বিনয়ী ও সহযোগিতাপরায়ণ একজন মানুষ। দলিল রেজিস্ট্রির সময় তিনি আমাদের সঙ্গে চমৎকার আচরণ করার পাশাপাশি প্রয়োজনে নানা দিকনির্দেশনা ও পরম পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।"

তারা আরও উল্লেখ করেন, অতিরিক্ত দায়িত্বের চাপ সামলেও তিনি যেভাবে ধৈর্য ও জবাবদিহিতার সঙ্গে কাজ পরিচালনা করছেন, তা অনুকরণীয়। তাঁর মতো আন্তরিক কর্মকর্তা কর্মস্থলে থাকলে দলিল লেখক ও সেবাগ্রহীতারা হয়রানিমুক্ত ও দ্রুত সেবা পান।

সেবা প্রদানের ক্ষেত্রে নিয়মকানুন স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া এবং সঠিকভাবে কাজ সম্পন্নে পরামর্শ দেওয়াই সাব-রেজিস্ট্রার মাহফুজুর রহমানের কাজের প্রধান বৈশিষ্ট্য, যা উভয় পক্ষকেই সহায়তা করছে।

নিজের কাজের লক্ষ্য জানিয়ে সাব-রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান বলেন, "সরকারি বিধিমালা অনুসরণ করে সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমার মূল উদ্দেশ্য। রেজিস্ট্রেশন কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।"

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সেবায় তাঁর এই আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ দৃষ্টান্তমূলক, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।