হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল ইসলাম বাবু মীর।
গত মঙ্গলবার (৯ জুন) মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শহিদুল ইসলাম বাবু মীর মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি মাগুরা জেলা কারাগারে ছিলেন। সম্প্রতি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন লাভের পর মঙ্গলবার তার কারামুক্তির দিন ধার্য ছিল। তবে সব আইনি প্রক্রিয়া শেষে কারাগারের মূল ফটক দিয়ে বের হওয়ার পরপরই সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে পুনরায় গ্রেপ্তার করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহিদুল ইসলাম বাবু মীরের বিরুদ্ধে ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি নাশকতার মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ওই নতুন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।