প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁও অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের জীবনে সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। তারা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তাহলে ভবিষ্যতে ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্ব পালনকারী ব্যক্তি—যা-ই হতে চায়, তা অর্জন করা সম্ভব।"
আয়েশার জীবনসংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে যে দৃঢ় মনোবল থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা যায়। তবে আমরা চাই না আয়েশার সাফল্য কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকুক। বাংলাদেশের প্রতিটি শিশু যেন তার সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সে জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।" শারীরিক বা অন্য যে কোনো সীমাবদ্ধতা কখনোই শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ববি হাজ্জাজ জানান, তিনি জানতে পেরেছেন প্রধানমন্ত্রী ইতোমধ্যে অদম্য মেধাবী আয়েশাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে চাকরি প্রদান করেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী, তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।