বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন।

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যता নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।