এস এম সাঈদ হোসেন রিপন: চট্টগ্রামের সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে। বেশির ভাগ সবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ। এ ছাড়া পেঁয়াজ, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দামও চড়া।
আজ রবিবার চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত। এ ছাড়া বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা এবং করলা ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা মানভেদে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে—কচুর লতি ও কচুরমুখি: ৮০ থেকে ১০০ টাকা কেজি, শসা ও বরবটি: ১০০ টাকা কেজি, গাজর: ১৪০ টাকা কেজি, মিষ্টি কুমড়া: ৬০ টাকা কেজি, লেবু: ১৫ থেকে ৩০ টাকা হালি, ধনেপাতা: দেশি ৩০০ টাকা এবং হাইব্রিড ২২০ টাকা কেজি, কাঁচা কলা: ৪০ থেকে ৫০ টাকা হালি, চালকুমড়া: ৬০ থেকে ৮০ টাকা পিস, কেপসিকাম: ৩৫০ টাকা কেজি, এদিকে শাকের বাজারও বেশ চড়া। লাল শাকের আঁটি ২৫ টাকা (১০ টাকা বৃদ্ধি), লাউ শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং কলমি ও ডাঁটা শাকের জোড়া আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে দেখা গেছে, প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকায় এবং রূপচাঁদা, বড় আকারের শোল ও নদীর বেলে মাছের কেজি হাজার টাকার ওপরে বিক্রি
ইলিশ মাছের ক্ষেত্রে—৩০০ গ্রাম ওজনের প্রতি কেজি: ১২০০ থেকে ১৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ: ২০০০ থেকে ২২০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ: ৩২০০ টাকা
মাংসের বাজারে সোনালি মুরগি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিম ১০০ টাকা হালি এবং সোনালি কক মুরগির ডিম ৭০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।