প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:৪০ PM |
প্রিন্ট: ১০ জুন ২০২৬, ০৭:২০ PM
১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী
আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ৫টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানান, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে ৫টি জেলার জনসাধারণ এই সেবা পাবেন। জেলাগুলো হলো: খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী।
সংসদে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচির প্রধান অগ্রগতি ও অগ্রাধিকারগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন: ফ্যামিলি কার্ড: নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়ার পাইলটিং পর্যায়ে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। কৃষক কার্ড: প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ পর্যন্ত ২০ হাজার ৭৪৮ জনকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। কৃষিঋণ মওকুফ: নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। ধর্মীয় উপাসনালয়ে সম্মানী: দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার-প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে এই সুবিধা দেশের সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এই সময়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের এই অগ্রাধিকার কর্মসূচির কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই আধুনিক ই-হেলথ কার্ডটি 'ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম' এবং 'ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম'-এর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে, যা চিকিৎসা সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল করবে।
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকা চিহ্নিত ৫টি প্রশ্ন ছিল। এর মধ্যে নির্ধারিত ৩০ মিনিট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন।