ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১৭ কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের অভিভাবক থানায় না আসায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মিজান রোড, ফেনী সরকারি কলেজ মাঠ, রাজাঝির দিঘির পাড়সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় ফেনী মডেল থানা পুলিশ।
ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ বাড়তে থাকায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ১৪ থেকে ১৯ বছর বয়সী ১৭ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, আটক ১৭ জনের মধ্যে ১১ জনের অভিভাবককে থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে দুই থেকে তিনজন ফেনীর বাইরের বাসিন্দা রয়েছেন। বাকিদের অভিভাবকরা সময়মতো থানায় উপস্থিত না হওয়ায় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।