ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও উদীয়মান অভিনেত্রী মালাইকা চৌধুরী প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন। বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ ধরে ক্যারিয়ার শুরু করা মালাইকা এবার যুক্ত হলেন তৌসিফের সঙ্গে। তাদের এই নতুন নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’।
নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। ভালোবাসা, ভাগ্য আর সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত এই নাটকে তৌসিফ ও মালাইকার পাশাপাশি আরও অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটি খুব শিগগিরই ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটি এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও শেষ পর্যন্ত সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে হেরে যায়। সম্পর্কের জটিলতা এবং মানুষের ভেতরের মনস্তাত্ত্বিক অনুভূতিই এই নাটকের মূল উপজীব্য। দর্শক শুধু একটি সম্পর্ক নয়, বরং সম্পর্কের টানাপড়েনে মানুষের ভেতরে যা ঘটে তাও অনুভব করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অভিনেতা তৌসিফ মাহবুবও কাজটি নিয়ে বেশ আশাবাদী। গল্পে চেনা ছকের বাইরে ভিন্নতা রয়েছে এবং মালাইকার সঙ্গে তার প্রথম অনস্ক্রিন রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে তিনি বিশ্বাস করেন।