টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক পূর্বশত্রুতার জেরে ভাইয়ের হামলায় অপর ভাই নিহত হওয়ার ঘটনায় ১০ দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

নিহতের ছেলে মো. আজমির হোসাইন জানান, গত ১১ আগস্ট তার বাবা মো. আব্দুল হালিমকে আসামি মো. মোজাম্মেল হক, মো. হাবিবুর রহমান, মো. লিমন হাসান, মো. আমিনুল ইসলাম ও শাহজালালসহ অন্যান্যরা তাদের বাড়ির পেছনের দরজায় পাকা রাস্তার পাশে ডেকে নিয়ে কোনো কথা না বলেই এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। তাদের ডাকচিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এক পর্যায়ে আব্দুল হালিমের অবস্থা অবনতি হলে এবং আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাফনকার্য শেষে গত ১৪ আগস্ট এ ঘটনায় মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ১৬)। তবে মামলা দায়েরের ১০ দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। নিহতের পরিবারের অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য তাদের বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, আসামি গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি তৎপরতা অব্যাহত আছে।