বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়ি থেকে অপহৃত সাড়ে চার মাসের শিশুকন্যা মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে

সোমবার (৩১ আগস্ট) রাতে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলম ওরফে নুরুল আলম (৩০) ও তাঁর স্ত্রী ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিদা আক্তার তিশা (২৫)

গত ২১ আগস্ট নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি নিখোঁজ হয় এবং পরে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২৬ আগস্ট নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন। উদ্ধার করা শিশু ও গ্রেপ্তার আসামিদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে