নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকাস্থ নেপাল দূতাবাসে গিয়ে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নেপাল সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
দুর্যোগের শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা ও সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকেও শোক বার্তা পৌঁছে দেওয়া হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের জনগণের এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও জামায়াতে ইসলামী তাদের পাশে রয়েছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক ঐতিহ্য এই দুঃসময়ে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।